আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বড় দায়িত্বে দেখা যেতে পারে। তাঁকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকব্লগার-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধোনিকে ফের মেন্টর করার পরিকল্পনা করছে বোর্ড। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “ধোনির মস্তিষ্ক, নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলের জন্য বিরাট সম্পদ হতে পারে। খেলোয়াড়রা যেকোনও মুহূর্তে ওর কাছে গিয়ে পরামর্শ পেতে পারবেন।”এই খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে— তবে কি একা গৌতম গম্ভীরের উপর ভরসা রাখতে পারছে না বোর্ড? চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন গম্ভীর। তবুও ধোনিকে ফের মেন্টরের দায়িত্বে ভাবা হচ্ছে কেন? ক্রিকেট মহলের ধারণা, রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞ পরামর্শদাতা হিসেবে ধোনিকে পাশে চাইছে বিসিসিআই।

