রক্তে শর্করা বেড়ে গেলে প্রথম পরামর্শ হয় খাবার থেকে চিনি বাদ দেওয়ার। শুনতে সহজ মনে হলেও, ডায়াবেটিস রোগীদের ডায়েট এতটা সরল নয়।ডায়াবেটিস চিকিৎসক অভিজ্ঞান মাঝির মতে, অধিকাংশ মানুষ মনে করেন চিনি বাদ দিলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আসল গুরুত্ব ফাইবারে। ফাইবার অনেকটা ছাঁকনির মতো কাজ করে—খাবারের শর্করা রক্তে পৌঁছতে সময় নেয়। ফলে শর্করাযুক্ত খাবার যদি ফাইবার সমৃদ্ধ খাবারের সঙ্গে খাওয়া হয়, রক্তে হঠাৎ শর্করার মাত্রা বেড়ে যায় না।শুধু ডায়াবেটিস নয়, সুস্থ জীবনযাপনের জন্যও ফাইবার অপরিহার্য। এটি হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। চিকিৎসক ও পুষ্টিবিদরা জানান, ফাইবার ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদ্রোগের ঝুঁকি হ্রাস করে। সবচেয়ে বড় কথা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী অসুখকে বশে রাখতে সাহায্য করে।

