সারা দিন সুস্থ ও সক্রিয় থাকতে হলে ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক জীবনে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে একাধিক ক্ষতিকর অভ্যাস। কারও প্রাতরাশ এড়ানো, কারও আবার ঘুম ভাঙতেই মোবাইলে ডুবে যাওয়া বা অফিসের কাজের টেনশনে ভুগতে থাকা— এই অভ্যাসগুলিই শরীরের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।বিশেষজ্ঞদের মতে, নিয়মিত প্রাতরাশ বাদ দিলে শরীরের এনার্জি লেভেল নেমে যায় এবং দীর্ঘমেয়াদে তা হৃদ্যন্ত্রের উপর চাপ সৃষ্টি করে। অন্যদিকে ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল বা কাজের টেনশনে ডুবে গেলে মানসিক চাপ দ্রুত বেড়ে যায়, যা রক্তচাপকে প্রভাবিত করে। এতে হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে।হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে তাই সকালবেলার রুটিনে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত ঘুম, সময়মতো স্বাস্থ্যকর প্রাতরাশ, হালকা ব্যায়াম এবং মানসিক চাপ কমানো— এই কয়েকটি সহজ অভ্যাস সারা দিনের প্রাণশক্তি ধরে রাখতে সাহায্য করে।

