পর্যটন এমন এক সম্ভাবনাময় শিল্প, যার মধ্য দিয়ে বিকল্প অর্থনীতির পথ উদ্ভাসিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশ-বিদেশের পর্যটকদের সুবিধার্থে আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে উঠছে দ্রুত। পাশাপাশি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন হোম স্টে স্থানীয় বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার নতুন দিশা দেখিয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর এই হোম স্টে মালিকদের আয় বেড়েছে প্রায় দ্বিগুণ—এমনটাই জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।ইউনিটি প্রমো ফেস্টের চতুর্থ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে জম্পুই হিলসকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজ্য সরকারের পর্যটন দপ্তর স্বীকৃত সেরা তিনটি হোম স্টে-কে অসাধারণ পরিষেবা ও কার্যক্রমের জন্য সম্মাননা প্রদান করা হয়।এদিনই পর্যটন বৃদ্ধির লক্ষ্যে জম্পুই পাহাড়ের ‘ইডেন টুরিস্ট লজ’-কে আধুনিক মানে নবরূপে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মনোরম পরিবেশে গড়ে ওঠা এই পর্যটন নিবাসের উদ্বোধনে তিন মন্ত্রীই সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্জ্বলন করেন।অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীরা জম্পুই পাহাড়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরেন। তিন মন্ত্রী তাঁদের বক্তব্যে রাজ্যের পর্যটন সম্ভাবনা, স্থানীয় অর্থনীতির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।মন্ত্রীদের মতে, আধুনিক সুবিধাসম্পন্ন এই ইডেন টুরিস্ট লজ এবং জম্পুইয়ের উন্নত হোম স্টে ব্যবস্থা পর্যটকদের আগমন আরও বাড়াবে, পাশাপাশি স্থানীয় মানুষের আয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

