রাজ্য সরকার চাইছে ত্রিপুরায় শিক্ষার হাব গড়ে তুলতে। রাজ্যে ২৪টি সাধারণ ডিগ্রি কলেজ , ৬ টি পলিটেকনিক, ৫ টি প্রফেশনাল, ১টি ডিগ্রি টেকনিকাল,৩ টি মেডিকেল কলেজ সহ বহু সরকারি বেসরকারি কলেজ রয়েছে। জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান, দক্ষতা বৃদ্ধি, প্রতিযোগিতার জন্যে প্রস্তুত করে তোলা, নৈতিকতা, সৃজনশীলতা, গবেষণা অর্থাৎ সব দিক বিবেচনা করেই জাতীয় শিক্ষা নীতি কার্যকর করা হয়। কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরা অবকাঠামো এবং সহযোগী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয় শুক্রবার মহেশখলাস্থিত টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে উচ্চ শিক্ষার ব্যাপক প্রসার ও উন্নয়ন ঘটেছে। বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে এই রাজ্যেই। মুখ্যমন্ত্রী এদিন বৃক্ষরোপনেও অংশ নেন। কথা বলেন শিক্ষার্থী সহ টেকনো ইন্ডিয়া এর আধিকারিকদের সঙ্গে। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলার সত্যম রায়চৌধুরী,টেকনো ইন্ডিয়া গ্রুপের সহকারী চেয়ারপারসন অধ্যাপিকা মানসী রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে খেলার মাঠ , বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, অডিটোরিয়াম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

